রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত মাদ্রাসা ছাত্রীর সংখ্যা বেড়ে ৮
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ পাহাড় ধসে একটি মাদ্রাসার ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিক্ষার্থী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্প-৫ এর ব্লক এ-৩ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা পাহাড় ধসে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় ধসের সময় ওই মাদ্রাসা ও হিফজ কেন্দ্রে ৩০ থেকে ৫০ জনের বেশি ছাত্রী কোরআন শিক্ষা নিচ্ছিল। কোনো কোনো সূত্রে সেখানে ৮০ থেকে ১০০ জন শিশু থাকার দাবিও করা হয়েছে। হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়লে অধিকাংশ শিক্ষার্থী কাদা ও মাটির নিচে চাপা পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ভারী যন্ত্রপাতি না থাকায় হাত দিয়ে মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত রবিবার গভীর রাতে উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় আরও আট রোহিঙ্গার মৃত্যু হয়েছিল।
এআইএল/সকালবেলা
|