ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রচারিত একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতারক চক্রের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার (৫ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই জরুরি তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাম ভাঙিয়ে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ শিরোনামে একটি ভিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তারা স্পষ্ট করে জানিয়েছে যে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, কাল্পনিক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের যে কোনো ধরনের পদের নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির খবর সবসময় তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের শীর্ষস্থানীয় মূলধারার জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংস্থাটি আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিকে পুঁজি করে এক শ্রেণির অসাধু প্রতারক চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। তাই এই বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রতারক চক্রের কোনো সদস্যের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা যোগাযোগ না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|