আজ পবিত্র আশুরা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
আজ পবিত্র আশুরা
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় শুক্রবার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ইসলামী ইতিহাসে একই সঙ্গে কৃতজ্ঞতা এবং কারবালার শোকাবহ স্মৃতির দিন ১০ মহররম। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা আশুরার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়বিচার, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক ধর্মপ্রাণ মুসল্লি নফল রোজা পালন করছেন।

ইসলামী ইতিহাস অনুযায়ী, মহররমের ১০ তারিখে ফেরাউনের কবল থেকে হজরত মুসা (আ.) ও বনী ইসরাঈল মুক্তি পেয়েছিলেন। এই কৃতজ্ঞতাস্বরূপ হজরত মুহাম্মদ (সা.) আশুরার রোজা পালনের নির্দেশ দিয়েছেন। এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ নফল ইবাদত। তবে ইতিহাসের নির্মম ঘটনাক্রমে ৬১ হিজরির এই একই দিনে কারবালা প্রান্তরে মহানবী (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) এবং তার পরিবার ও সঙ্গীরা শাহাদাতবরণ করেন।

কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায় আজ পুরান ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচি পালন করছে। নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই তাজিয়া মিছিলের বিষয়ে বিশেষ নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন