১৫ আগস্টের উলামা সম্মেলন সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সকালবেলা অনলাইন: আগামী ১৫ আগস্ট জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটসংলগ্ন আল্লামা আহমাদ শফী (রহ.) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পল্টন জোনের আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, "আসন্ন জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনকে ঘিরে দেশজুড়ে জোরালো সাড়া পাওয়া যাচ্ছে। খতমে নবুওয়তের আকিদা মুসলমানদের ঈমান ও মৌলিক বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এই বিশ্বাসের সুরক্ষা এবং দীর্ঘদিনের জনদাবি আদায়ে আগামী ১৫ আগস্টের সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"
তিনি আরও বলেন, "কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিটি দীর্ঘদিনের। এ সম্মেলন সেই দাবিকে সুসংগঠিতভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে। উলামা-মাশায়েখ ও সর্বস্তরের আলেমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক সম্মেলনে পরিণত হবে বলে আমরা আশাবাদী।"
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান সম্মেলনে পল্টন জোন থেকে সর্বাধিক লোকসমাগম নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূরসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে সম্মেলন সফল করতে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ সহ নানা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে একই কর্মসূচি সফল করতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের খিলগাঁও জোনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে বাদ মাগরিব অপর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী ও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|