ঈদের ৫ দিনের আবহাওয়া: কোথাও ভারী বৃষ্টি, কোথাও মৃদু তাপপ্রবাহ
অনলাইন ডেস্ক: দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের আগেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে ঈদের দিন তথা কুরবানির সময় আবহাওয়া কেমন থাকবে—তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। সেই সব প্রশ্নের উত্তর দিয়ে আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার বিশেষ পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের এই পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিনসহ আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বা গরম অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া অফিস আরও সতর্ক করেছে যে, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
কুরবানির ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে ঈদের সকালে পশুর চামড়া ছাড়ানো এবং কোরবানির মাংস কাটার সময় বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে।
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
|