চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে নতুন একজনকে এই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার স্থলাভিষিক্ত হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম আলোচনায় এসেছে। ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, তাজুল ইসলামকে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, এই পদে সরকার নতুন নিয়োগের পরিকল্পনা করছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে সারাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলের গুম-খুনের বিচারের লক্ষ্যে গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত ও প্রসিকিউশন টিমের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে হঠাৎ করেই তার পরিবর্তনের এই গুঞ্জন আদালত ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আলোচনায় আসা অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। বর্তমান প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি আজই চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন