পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসেবা ও চুরি রোধে কঠোর নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ট্রান্সফরমার পোড়ার হার কমানো, সিস্টেম লস হ্রাস, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান জোরদার এবং বকেয়া বিল আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত সমিতির ১০৮তম মাসিক স্টাফ সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
সভায় বিদ্যুৎ খাতের সামগ্রিক মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। এর মধ্যে ট্রান্সফরমার পোড়ার হার কমাতে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ ও চুরির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ডে ও নাইট অপারেশন কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
গ্রাহকসেবার মানোন্নয়নের বিষয়ে সভায় বলা হয়, গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। বিশেষ করে সময়মতো মিটার রিডিং গ্রহণ, নির্ভুল বিল বিতরণ এবং প্রিপেইড গ্রাহকদের নেগেটিভ ব্যালেন্স সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং টুলস ও সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার গোলাম কাউসার তালুকদার বলেন, “প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের দ্রুত, নির্ভুল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি সততা ও জবাবদিহিতার সংস্কৃতি সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, যারা ভালো কাজ করবেন, তাদের যথাযথ স্বীকৃতি প্রদান করা হবে।
জান্নাত সকালবেলা
|