বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ইতিবাচক আলোচনা

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ইতিবাচক আলোচনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে নিউজিল্যান্ড। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

আজ রোববার (১৭ মে) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন এই আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের বাণিজ্য সহযোগিতা জোরদারে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "বাংলাদেশের এলডিসি উত্তরণকে সফল করতে দ্রুত বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য। তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে এই অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য সহজীকরণের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্যের বহুমুখীকরণ আমদানির উৎস বৈচিত্র্যকরণের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এলডিসি উত্তরণের পর যাতে বিদ্যমান শুল্কমুক্ত বাজার সুবিধায় কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে নিউজিল্যান্ড বিশেষ গুরুত্ব দিচ্ছে। নিউজিল্যান্ডের পণ্য আন্তর্জাতিক বাজারে উচ্চমানসম্পন্ন ও নিরাপদ হিসেবে সুপরিচিত উল্লেখ করে তিনি বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন