বিজেপির জয়োৎসবে বুলডোজার নিষিদ্ধ করল কলকাতা পুলিশ, গ্রেফতার ৮০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর রাজ্যজুড়ে যখন গেরুয়া শিবিরের জয়ের উচ্ছ্বাস ও বিজয়োৎসব চলছে, ঠিক সেই সময়ই আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। জয়ের উদযাপনে আবির খেলা, মিষ্টি বিতরণ ও ঢাকের তালের পাশাপাশি কিছু অতি-উৎসাহী মহলের ‘বুলডোজার’ বা জেসিবি (JCB) নিয়ে মিছিল করার প্রবণতা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এই প্রেক্ষাপটে এক জরুরি সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট এবং কঠোর সতর্কবার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
পুলিশ কমিশনার অজয় নন্দ স্পষ্ট জানিয়েছেন, বিজেপির বিজয় মিছিলে কোনোভাবেই জেসিবি বা বুলডোজার ব্যবহার করা যাবে না। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তবে শুধু মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধেই নয়, বরং ওই ভারী যন্ত্রপাতি বা জেসিবি-র মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উৎসব বা জয়ের আনন্দ প্রকাশ করা গণতান্ত্রিক অধিকার, তবে তা হতে হবে সম্পূর্ণ আইন মেনে এবং জননিরাপত্তা বজায় রেখে। জনবহুল রাস্তায় ভারী যন্ত্রপাতি নিয়ে নামা যে কোনো সময় বড় ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে—এই যুক্তিতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেসিবি মালিকদের সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের মিছিলে যন্ত্র ভাড়ায় দিলে তা সরাসরি বাজেয়াপ্ত করা হবে।
শহরজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “অনুমতি ছাড়া কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা শহরের কোথাও বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করবে এবং আইনানুগ পদক্ষেপ নেবে।”
গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেটসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তি ও ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে প্রশাসন। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, ভোট পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগে ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চিরুনি অভিযান চালিয়ে বেশ কিছু এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।