ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফটের বিয়ের উৎসব শুরু

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফটের বিয়ের উৎসব শুরু
বিয়ের গুঞ্জন ও উৎসবের আমেজের মাঝে পপ তারকা টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি (ফাইল ছবি)

 বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের শীর্ষ পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে বিশ্বজুড়ে চলতে থাকা দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ছুটির ঐতিহাসিক সপ্তাহান্তেই নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসতে যাচ্ছে এই জুটির বহুল আলোচিত ও রাজকীয় বিয়ের আসর। যদিও এখন পর্যন্ত এই তারকা জুটি খবরের সত্যতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে নিশ্চিত করেননি।

তবে আনুষ্ঠানিক উদযাপনের আগেই টেইলর ও ট্রাভিস আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্টের বিখ্যাত গসিপ কলাম ‘পেজ সিক্স’-এর তথ্য উল্লেখ করে বলা হয়, ঘনিষ্ঠ কয়েকজন স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে এই জুটি ইতিমধ্যে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বিয়ের শপথ (ওয়েডিং ভাও) বিনিময় করেছেন। তবে ঠিক কবে বা কোন গোপন ভেন্যুতে সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সে বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

এদিকে, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের প্রকাশিত একটি বিশেষ ইভেন্ট পারমিটে ‘স্পেশাল ইভেন্ট অ্যাট এমএসজি’-এর সূচি ফাঁস হওয়ার পর এই বিয়ের খবর আর আড়ালে থাকেনি। পারমিটের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ১০০ জন অতি ভিআইপি অতিথিকে নিয়ে ভেন্যুর ভেতরে একটি ‘প্রি-পার্টি সেলিব্রেশন’ বা রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছিল। এরপর রাতভর ভেন্যুর আশপাশের সব গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল থেকেই ম্যাডিসন স্কয়ার গার্ডেন সংলগ্ন বেশ কয়েকটি প্রধান সড়কে সাধারণ যান চলাচল সম্পূর্ণ সীমিত করা হয়েছে। পথচারীদের চলাচলেও আংশিক বিধিনিষেধ আরোপ করাসহ কাছের ব্যস্ততম পেন স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে। অফিশিয়াল পারমিট অনুযায়ী, আজ শুক্রবার বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে এই জমকালো বিয়ের ‘মেইন ইভেন্ট’ বা মূল অনুষ্ঠান, যা শনিবার ভোর পর্যন্ত বিরতিহীনভাবে চলতে পারে।

এই মেগা আয়োজনকে ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে এখন কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই সেখানে বিলাসবহুল সাজসজ্জার সামগ্রী, নামিদামি ক্যাটারিং সরঞ্জাম ও রাজকীয় সব উপকরণ পৌঁছাতে দেখা গেছে। গণমাধ্যমের জোর খবর, আজ মূল অনুষ্ঠানে বিশ্ব বিনোদন ও ক্রীড়া জগতের প্রায় এক হাজার হাইপ্রোফাইল অতিথি উপস্থিত থাকবেন। সম্ভাব্য এই অতিথি তালিকায় নাম রয়েছে সুপার মডেল গিগি হাদিদ, কারা ডেলিভিন, টেইলরের বেস্ট ফ্রেন্ড ও গায়িকা সেলেনা গোমেজ, অভিনেত্রী জো ক্রাভিৎসসহ হলিউডের শীর্ষ তারকাদের। এ ছাড়া ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের নামিদামি সতীর্থরাও এই বিয়েতে যোগ দিচ্ছেন।

টেইলর সুইফটের এই বিয়েকে ভক্তরা দেখছেন ‘আমেরিকান রয়্যাল ওয়েডিং’ বা রাজকীয় বিয়ে হিসেবে। নিউইয়র্কের বাসিন্দা অ্যালিসা হেইনেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, “টেইলর সুইফট আমাদের কাছে শুধু একজন গায়িকা নন, তিনি আমেরিকার সবচেয়ে বড় আইকন। তাঁর এই বিয়ে আমাদের কাছে ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় বিয়ের মতোই রোমাঞ্চকর।”

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মহাসমারোহ, স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তির জাতীয় প্রস্তুতি এবং দেশটিতে চলমান ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ—সব মিলিয়ে নিউইয়র্কে যখন চরম ব্যস্ততা ও তীব্র তাপপ্রবাহ চলছে, তার মাঝেই টেইলরের এই বিয়ের আয়োজন পুরো শহরে এক বাড়তি উন্মাদনা ও ট্রাফিক জ্যামের সৃষ্টি করেছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী এক সংবাদ সম্মেলনে চলমান তাপপ্রবাহ ও এই বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ টেনে বেশ রসাত্মক ভঙ্গিতে বলেন, “চলমান তীব্র দাবদাহের মাঝে কেউ যদি এই সময়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো সুরক্ষিত ইনডোর ভেন্যুতে বিয়ে করে থাকেন, তবে তারা ঘরের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশেই থাকবেন এবং বিপজ্জনক গরম থেকে নিজেদের নিরাপদ রাখবেন। শহরের অন্যদের জন্যও ঘরে থাকার এটি একটি ভালো উদাহরণ হতে পারে।” তবে চারদিকে এতো আয়োজন ও গুঞ্জনের মাঝেও টেইলর সুইফট বা ট্রাভিস কেলসির প্রতিনিধিরা শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন।

মন্তব্য করুন