সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে ৩০ আগস্ট নতুন দিন ধার্য
নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর আলোচিত মৃত্যুর ঘটনায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
এর আগে, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে গত ২০ মে আদালতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা। ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং নতুন করে ময়নাতদন্তের অনুমতি প্রদান করেন। পরবর্তীতে গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে মরদেহ উত্তোলনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান দেশের অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালে তিনি ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়ে অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন জানান।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও রিভিশন আবেদনের প্রেক্ষিতে সবশেষ আদালত বাদীর আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, লতিফা হক লিও (লুসি), অভিনেতা আশরাফুল হক ডন ও আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।
|