মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, পরীক্ষা শেষে মিলল পান-জর্দার কৌটা

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, পরীক্ষা শেষে মিলল পান-জর্দার কৌটা
ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা শেষ করে সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটের বিদায়। (ছবি: সংগৃহীত)

অনলাইন ডেস্ক: রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর ১০ নম্বর ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র আতঙ্কের চূড়ান্ত অবসান ঘটেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে, কোনো বস্তুতেই কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া যায়নি।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষজ্ঞ ‘বোম্ব ডিসপোজাল টিম’ অত্যন্ত দ্রুততার সাথে দুটি স্থানে পৌঁছে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে।

তিনি বিস্তারিত জানিয়ে বলেন, মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি সন্দেহজনক ব্যাগকে বম্ব ডিসপোজাল ইউনিট তাদের বিশেষ এক্স-রে স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে। স্ক্যানে ভেতরের একটি কৌটাসদৃশ বস্তুর প্রতিচ্ছবি ফুটে উঠলে প্রমিত কর্মপদ্ধতি (SOP) অনুসরণ করে ‘ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর’ প্রয়োগের মাধ্যমে ব্যাগটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে ব্যাগটি শারীরিকভাবে পরীক্ষা করে দেখা যায়—ভেতরে কেবল সাধারণ পান এবং একটি জর্দার কৌটা রাখা ছিল!

অন্যদিকে, ফার্মগেট স্টেশনের যাত্রী ওঠা-নামার সিঁড়ির নির্দেশনামূলক ডিজিটাল বোর্ডের ওপর পড়ে থাকা পরিত্যক্ত বস্তাটি সম্পর্কে তেজগাঁও থানা পুলিশ বম্ব ডিসপোজাল টিমকে অবহিত করে। টিম সদস্যরা নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে হ্যান্ড-এন্ট্রি ও বিশেষ প্রযুক্তির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে নিশ্চিত হন যে, সেটিতেও কোনো বিস্ফোরক ছিল না।

অহেতুক গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নগরবাসীর সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো স্থানে অনাকাঙ্ক্ষিত বা সন্দেহভাজন বস্তু দেখলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন