ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ সোশ্যাল মিডিয়া বিউটি ট্রেন্ড: যা বলছেন বিশেষজ্ঞরা

ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ সোশ্যাল মিডিয়া বিউটি ট্রেন্ড: যা বলছেন বিশেষজ্ঞরা

 বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই চোখে পড়ে নজরকাড়া সব বিউটি হ্যাকস বা স্কিন কেয়ার টিপস। ঝকঝকে ত্বক পাওয়ার আশায় অনেকেই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই এসব ট্রেন্ড অনুসরণ করছেন। তবে কসমেটোলজিস্টদের মতে, ইন্টারনেটে ভাইরাল হওয়া সব টিপস আমাদের দেশের আবহাওয়া ও ত্বকের ধরনের জন্য উপযোগী নয়, বরং অনেক ক্ষেত্রে তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

কসমেটোলজিস্ট শোভন সাহা জানান, বাংলাদেশের ভ্যাপসা গরম ও আর্দ্রতায় কোরিয়ান 'গ্লাস স্কিন' পাওয়ার জন্য স্তরে স্তরে ভারী প্রসাধনী ব্যবহার করলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ ও র‍্যাশের সমস্যা বাড়ে। এছাড়া রান্নাঘরের উপকরণ যেমন—লেবুর রস, বেকিং সোডা বা টুথপেস্ট ত্বকে সরাসরি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো ত্বকের পিএইচ (pH) ভারসাম্য নষ্ট করে দীর্ঘস্থায়ী কালো দাগ বা পিগমেন্টেশন তৈরি করতে পারে। বিউটি ইনফ্লুয়েন্সারদের ১০ ধাপের জটিল রুটিন আমাদের দেশের জন্য অনুপযোগী উল্লেখ করে বিশেষজ্ঞরা কেবল ক্লিনজার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন—এই তিনটি মৌলিক ধাপ মেনে চলার পরামর্শ দিচ্ছেন। মনে রাখতে হবে, রাতারাতি সৌন্দর্য নয়, বরং বিজ্ঞানসম্মত ও নিয়মিত যত্নই সুস্থ ত্বকের চাবিকাঠি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন