জার্মানিতে ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘আলী’

বিনোদন ডেস্ক: নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। জার্মানির মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফিল্মফেস্ট ব্রেমেন’-এ সিনেমাটি মর্যাদাপূর্ণ ‘ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ লাভ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা নিজেই এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, "জার্মানি থেকে দারুণ খবর এলো। আবারও পুরস্কার জিতল ‘আলী’। ব্রেমা এবং এসডব্লিউবি-এর সৌজন্যে ফিল্মফেস্ট ব্রেমেন-এ ডাইভারসিটি অ্যাওয়ার্ড জিতেছে আমাদের সিনেমা ‘আলী’।"

পুরস্কারের বিস্তারিত: গত ১৯ এপ্রিল জার্মানির ব্রেমেন শহরে উৎসবের ২০২৬ আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। ‘আই অ্যাম আলী’ শিরোনামের এই চলচ্চিত্রটি ডাইভার্সিটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজীব তাঁর অনুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন, "এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এই অর্জন আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।"

চলচ্চিত্রটির প্রেক্ষাপট: ফিল্মফেস্ট ব্রেমেনের ‘ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ মূলত সেই সব সিনেমাকে দেওয়া হয়, যা সমাজের ভিন্নতা, আত্মপরিচয় এবং প্রান্তিক মানুষের জীবনযুদ্ধকে সৃজনশীলভাবে সেলুলয়েডে তুলে ধরে।

পূর্ববর্তী সাফল্য: উল্লেখ্য, ‘আলী’ এর আগেও বিশ্বমঞ্চে সমাদৃত হয়েছে। কানের ৭৮তম আসরে সিনেমাটি ‘স্পেশাল মেনশন’ (বিশেষ উল্লেখযোগ্য) স্বীকৃতি অর্জন করে ইতিহাস গড়েছিল। এবার জার্মানির এই অর্জন আদনান আল রাজীবের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করল।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন