শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে; বাংলাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে নয়াদিল্লি

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

নয়াদিল্লি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার (প্রত্যর্পণ) অনুরোধটি খতিয়ে দেখছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ জানানো হয়েছে, তা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া ও বিচারিক কাঠামোর আওতায় খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব।”

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার উদ্যোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা এবং বর্তমান পরিস্থিতি আমরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।

রণধীর জয়সোয়াল আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। উভয় পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করতে সম্মত হয়েছে এবং খুব শিগগির পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে।

প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে মুখপাত্র জানান, ভারত নিজের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত জ্বালানি প্রতিবেশীদের সরবরাহ করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত মার্চ মাসে বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে এবং চলতি এপ্রিল মাসেও এই সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন