বিশ্বব্যবস্থা গভীর বৈধতা সংকটের মুখে: এরদোয়ান

যুদ্ধের চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার আহ্বান; গাজা ও লেবানন ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সমালোচনা

বিশ্বব্যবস্থা গভীর বৈধতা সংকটের মুখে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা একটি গভীর ‘বৈধতা সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান বিশ্বে কূটনীতির জায়গা দখল করে নিয়েছে অস্ত্র, যা শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় বাধা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (IPU) ১৫২তম সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এরদোয়ান এসব কথা বলেন। তিনি বিশেষ করে গাজায় ইসরায়েলি সহিংসতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসনে বিশ্বনেতাদের পুনরায় সংলাপ ও সংহতির আহ্বান জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে উল্লেখ করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্যবস্থা তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এর মূল নীতি, নিয়ম ও প্রতিষ্ঠানগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, “৮০ বছর আগে বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থা আজ গভীর বৈধতা সংকটের মুখোমুখি।”

এরদোয়ান আরও বলেন, “আন্তর্জাতিক আইন আজ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের ওপর তার কার্যকর প্রভাব হারিয়েছে। কূটনীতির পরিবর্তে সামরিক শক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে কেউ নিজেকে নিরাপদ বোধ করছে না।”

তুরস্কের পররাষ্ট্র নীতি ও আঞ্চলিক ভূমিকা: তুরস্কের পররাষ্ট্র নীতি সবসময় শান্তিপূর্ণ উপায়ে দ্বন্দ্ব নিরসনে বিশ্বাসী উল্লেখ করে এরদোয়ান বলেন, আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই শান্তি অর্জন সম্ভব নয়। গাজা, ইউক্রেন, ইরান এবং আফ্রিকার সংকট নিরসনে তুরস্ক যে নীতিগত ও বাস্তবসম্মত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাও তিনি তুলে ধরেন।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক উদাসীনতা: বিশ্বের মনোযোগ বর্তমানে ইরানের উত্তেজনার দিকে থাকলেও ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু এবং বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায় উপেক্ষা করছে বলে সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। বিশেষ করে লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

পরিশেষে, এরদোয়ান পার্লামেন্টগুলোর ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে সংসদ সদস্যদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ডেইলি সাবাহ থেকে মুহসিন মোল্লার অনুবাদ

মন্তব্য করুন