একই ভুল আবারও করতে রাজি আছি : কুশা কপিলা

একই ভুল আবারও করতে রাজি আছি : কুশা কপিলা

কুশা কপিলা

সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়া থেকে উঠে এসে মূল ধারার অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করা মোটেও সহজ কোনো কাজ নয়। তবে সেই অসাধ্যটিই সফলভাবে করে দেখিয়েছেন কুশা কপিলা। ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ও ‘সুখী’র মতো ছবিতে নিজের জাত চেনানোর পর এবার তিনি নাম লেখালেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায় ২’-এ। এই সিরিজে তাঁকে দিল্লির পাতপড়গঞ্জ কোর্টের এক আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই বর্ণাঢ্য অভিনয়জীবন এবং যাপিত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন কুশা। দিল্লি থেকে মুম্বাই—এই যাত্রাপথ কেবল ভৌগোলিক নয়, কুশার ব্যক্তিত্বেও এনেছে বড় পরিবর্তন। তিনি বলেন, “দিল্লিতেই আমার থিয়েটার আর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু মুম্বাই আমাকে শিখিয়েছে কীভাবে মাথা নিচু করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়।” মুম্বাইয়ের বৈচিত্র্যময় সংস্কৃতি তাকে টানলেও দিল্লির স্ট্রিট ফুড তিনি প্রতিনিয়ত মিস করেন বলে জানান।

একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর হিসেবে ব্যক্তিগত জীবন অনেক সময় ট্রোলিং ও সমালোচনার মুখে পড়ে। এ প্রসঙ্গে কুশা বলেন, “ব্যক্তিগত জীবন কতটা আড়ালে রাখবেন, সেটা কাজ করতে করতেই শিখতে হয়। শুরুতে আমরা হয়তো অনেক কিছু শেয়ার করে ফেলি, কিন্তু আমি মনে করি সেই নির্ভীকতাটুকুও জরুরি। আমি একই ভুল আবারও করতে রাজি আছি, কারণ সেই যাত্রাটাই আমার নিজের।”

বর্তমানে বিনোদন জগতে দক্ষ অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে কাস্টিং করার যে প্রবণতা শুরু হয়েছে, তাতে ক্ষুব্ধ অভিনেতাদের পক্ষেই দাঁড়িয়েছেন কুশা। তাঁর মতে, শুধু মার্কেটিংয়ের জন্য ইনফ্লুয়েন্সারদের কাস্টিং করা হলে পেশাদার অভিনেতাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে অনেক ক্রিয়েটরই যে এখন স্রেফ রিলের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দীর্ঘ পথে হাঁটতে চাইছেন, তাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নতুনদের উদ্দেশ্যে কুশার পরামর্শ হলো— হুট করে বড় কিছু পাওয়ার নেশায় না ছুটে নিয়মিত অডিশন দেওয়া, কর্মশালা করা এবং ব্যর্থতা থেকে শেখা। কারণ শেষ পর্যন্ত কাজের প্রতি নিষ্ঠাবান শিল্পীরাই টিকে থাকবেন।

মন্তব্য করুন