মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ

মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন।

গত সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখওয়াত হোসেন বকুলের সঙ্গে সাক্ষাৎ করে নাসের রহমান একটি আনুষ্ঠানিক ডিও (আধা-সরকারি) লেটার হস্তান্তর করেন। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। ডিও লেটার পাওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

এম নাসের রহমান তাঁর চিঠিতে উল্লেখ করেন, হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও অব্যবহৃত জমি কাজে লাগিয়ে সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। হাসপাতালের পূর্ব দিকের ফাঁকা জায়গায় বহুতল একাডেমিক ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। দক্ষিণ-পূর্ব দিকের পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল এবং নার্সদের জন্য পৃথক বহুতল হোস্টেল নির্মাণের পরিকল্পনা দেওয়া হয়েছে। মূল ভবনে আরও দুই তলা যুক্ত করে শয্যা সংখ্যা ৪০০-তে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের সময় নির্মিত তিনতলা নার্সিং ট্রেনিং সেন্টার থাকায় প্রকল্পটি বাস্তবায়ন আরও সহজ হবে বলে তিনি জানান।

নাসের রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, “মৌলভীবাজারবাসীর এই দাবি আর দীর্ঘদিন অপেক্ষায় থাকবে না। স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। খুব শিগগিরই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক জনসভায় নাসের রহমান হাসপাতালটিকে ৪০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর দ্রুততম সময়ে এই উদ্যোগ গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলভীবাজারের সাধারণ মানুষ ও সচেতন মহলের ব্যাপক প্রশংসায় ভাসছেন তিনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন