মেসির সমালোচকদের ধুয়ে দিলেন বার্সা কিংবদন্তি

মেসির সমালোচকদের ধুয়ে দিলেন বার্সা কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে নিয়ে যারা সমালোচনা করেন বা তাঁর সাফল্যের কৃতিত্ব নিজেদের পকেটে ভরার চেষ্টা করেন, তাঁদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন বুলগেরিয়ান কিংবদন্তি ও বার্সেলোনা তারকা রিস্টো স্টইচকভ। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি আর্জেন্টাইন জাদুকরকে ঘিরে চলমান নানা তর্কের অবসান ঘটান।

মানবিক মেসি ও তাঁর সরলতা: স্টইচকভ মেসির ফুটবল দক্ষতার চেয়েও তাঁর মানবিক গুণাবলির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, বার্সেলোনা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি মেসিকে খুব কাছ থেকে দেখেছেন। তাঁর মতে, “মেসি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, বরং অত্যন্ত বিনয়ী এবং সহজ-সরল একজন মানুষ, যার মধ্যে কোনো ধরনের অহংকার নেই।”

সাফল্যের কৃতিত্ব কার? মেসির ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা জাভি, ইনিয়েস্তা বা পিকের অবদানের কথা স্বীকার করলেও স্টইচকভ মনে করেন, মেসির সাফল্যের মূল কারণ তাঁর জন্মগত প্রতিভা ও কঠোর পরিশ্রম। যারা মেসির অর্জনের কৃতিত্ব ভাগ করে নিতে চান, তাঁদের ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, “মেসির যদি জন্মগত প্রতিভা না থাকত, তবে কেউ তাকে এই পর্যায়ে নিয়ে যেতে পারত না। সে নিজের যোগ্যতাতেই আজ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।”

২০২৬ বিশ্বকাপের সম্ভাবনা: আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মেসি বড় কোনো চমক দেখাবেন বলে বিশ্বাস করেন এই বুলগেরিয়ান কিংবদন্তি। তাঁর মতে, অভিজ্ঞতা ও অনন্য ফুটবলীয় বুদ্ধিমত্তা দিয়ে মেসি আবারও বিশ্বমঞ্চে নিজের ছাপ রাখতে সক্ষম হবেন। উল্লেখ্য, ২০২৬ ব্যালন ডি’অর দৌড়েও মেসির নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন