শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থগিত করল মাউশি

শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থগিত করল মাউশি

শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ শনিবার (১৪ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৫ মার্চ জারি করা স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হলো।

এর আগে ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের আয়োজন করতে বলা হয়েছিল।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, প্রশিক্ষণের সুফল ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে, যারা শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন নিয়মিত তদারকি করবেন। তবে ম্যানুয়ালের বাইরে কোনো কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না বলে সতর্ক করা হয়েছিল এবং প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্যও পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ ছিল।

কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটসের সহায়তা নেওয়ার কথাও উল্লেখ ছিল। স্কুল পর্যায়ে স্কাউট এবং কলেজ পর্যায়ে রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কথা ছিল। প্রয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও অসংক্রামক রোগ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এই প্রশিক্ষণের আওতায় আনার সুযোগ রাখা হয়েছিল।

তবে এই উদ্যোগ ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হলে মাউশি আগের নির্দেশনাটি স্থগিত করার সিদ্ধান্ত জানায়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন