আমিরের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

আমিরের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলসহ দলের একাধিক শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পরিকল্পিত সাইবার হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই হ্যাকিংয়ের সূত্রপাত ঘটানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে হ্যাকিংয়ের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির টিমের সদস্য মাহমুদুর রহমান। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের মেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd) থেকে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সিসিতে রেখে Case-Study-Election.accdr নামের একটি ফিশিং ফাইল পাঠানো হয়। মেইলটিতে বিষয়টি ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করা হয়েছিল। মূলত ওই ফাইলে ক্লিক করার পরেই ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়।

মাহমুদুর রহমান বলেন, “শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত পোস্ট করা হয়। পোস্টটি হওয়ার মাত্র ১ মিনিট পরেই সেটির একটি স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়, যা থেকে বোঝা যায় এটি একটি পরিকল্পিত স্যাবোটাজ। রাত ১০টার মধ্যে আমরা গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করলেও একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে।” তিনি আরও জানান, গত এক মাসে জামায়াত আমিরের পাশাপাশি শফিকুল ইসলাম মাসুদ ও দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও একাধিকবার সাইবার আক্রমণ চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, বিকেল ৫টার কিছু পরে তাদের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধার করে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলতে সক্ষম হয়। এই ঘটনায় ইতোমধ্যেই রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “নারী সমাজ নিয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি আমিরের বিভিন্ন বক্তব্যে অত্যন্ত স্পষ্ট। সাইবার হামলার মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সম্ভব নয়। এই ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি এবং বিষয়টি নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করা হবে।” সংবাদ সম্মেলনে সাইবার হামলা ও অপপ্রচার রোধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান দলটির নেতারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন