আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। সোমবার পুলিশ সদর দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা জোরদার এবং আন্তদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আন্তদেশীয় অপরাধ এবং অর্থপাচার রোধে যৌথভাবে তদন্ত পরিচালনার জন্য একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন ফিলিপ অং।
পাশাপাশি, সাইবার অপরাধ দমন, ডিজিটাল ফরেনসিক এবং ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে কারিগরি সহায়তা ও বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে আধুনিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা, সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন রোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত নানামুখী অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালবেলা / নুসরাত