বয়সের ব্যবধান ঘুচিয়ে রজনীকান্তের সঙ্গে নতুন ছবিতে শ্রীলীলা
বিনোদন ডেস্ক:বয়সের দীর্ঘ ৫০ বছরের ব্যবধান ঘুচিয়ে এবার একই ফ্রেমে বন্দি হতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার থালাইভা সুপারস্টার রজনীকান্ত এবং জনপ্রিয় তরুণী অভিনেত্রী শ্রীলীলা। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ও চর্চিত নতুন সিনেমা ‘ধার্মান’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন শ্রীলীলা।
আজ প্রযোজনা সংস্থার প্রকাশিত একটি অফিসিয়াল প্রচার ভিডিওর মাধ্যমে রজনীকান্ত ও শ্রীলীলার এই নতুন রসায়নের কথা নিশ্চিত করা হয়। অশ্বথ মারিমুথু পরিচালিত তারকা বহুল এই চলচ্চিত্রে রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও অভিনয় করছেন দক্ষিণি সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী নয়নতারা, সিমরন, কৌতুক অভিনেতা যোগী বাবু এবং রাশি খন্না। এই ছবির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গে কাজ করছেন রজনীকান্ত। সিনেমাটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হিটমেকার অনিরুদ্ধ রবিচন্দর।
ইতিমধ্যেই প্রকাশিত ছবির প্রথম প্রচার ঝলক দর্শক ও রজনী-ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। জানা গেছে, ছবিতে রজনীকান্তকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে। তবে তাঁর চরিত্রটি বর্ণনা করতে গিয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন, যার তামিল অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটিতে ক্লাসিক রজনীকান্তের নেতিবাচক বা ধূসর (গ্রে) শেড থাকার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। ভক্তদের অনেকেই ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের কালজয়ী ছবি ‘মুলম মলারুম’-এর বিখ্যাত চরিত্রের সঙ্গে নতুন এই রূপের মিল খুঁজে পাচ্ছেন।
চলতি বছরেই ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল চলচ্চিত্র জগতে সফল পদার্পণ করেন শ্রীলীলা। এরপর থেকেই একের পর এক মেগা প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। ধনুষ ও মামুট্টির ছবি ‘ওম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ ছবিতেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। বর্তমানে ‘ধার্মান’ ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা না করা হলেও নির্মাতারা ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির প্রাথমিক পরিকল্পনা করছেন।
সকালবেলা / নুসরাত