প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশের তাগিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশের তাগিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন মুখপাত্র এ কে এম শহীদুল করিম

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করা অত্যন্ত জরুরি বলে তাগিদ দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় অবিলম্বে দেশে ফেরত পাঠানো এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজনদের দ্রুত বাংলাদেশের হস্তান্তরের জন্য দিল্লির প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে বিগত কয়েক সপ্তাহ যাবৎ ঢাকা ও দিল্লির উচ্চপদস্থ কর্মকর্তারা পারস্পরিক যোগাযোগ রক্ষা করে চলছিলেন। তবে সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য প্রদানের পর সেই প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। শেখ হাসিনা ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত একজন আসামি এবং এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, "আমরা অত্যন্ত স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেছি যে, দ্বিপক্ষীয় সফরের জন্য একটি গঠনমূলক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। এই উদ্দেশ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ অন্যান্য দণ্ডপ্রাপ্ত বা পলাতক অপরাধীদের অবিলম্বে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাংলাদেশের নিকট হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে। আমরা বর্তমানে দিল্লির আনুষ্ঠানিক জবাবের প্রতীক্ষায় রয়েছি।"

বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থরক্ষার ভিত্তিকে সামনে রেখে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আমরা 'বাংলাদেশ-প্রথম' নীতিতে অবিচল থাকব।"

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল ঢাকা। একই বৈঠকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়ে উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছিল বলে তৎকালীন সময়ে জানানো হয়।

মন্তব্য করুন