‘ধর্ম নিয়ে বিভাজন নয়, সমান মর্যাদার রাষ্ট্র গড়াই লক্ষ্য’;মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
‘ধর্ম নিয়ে বিভাজন নয়, সমান মর্যাদার রাষ্ট্র গড়াই লক্ষ্য’;মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনের রাজনীতি নয়, বরং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের এমন একটি অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে কেউ কেবল ধর্মের দোহাই দিয়ে বিশেষ সুবিধা ভোগ করতে পারবে না, আবার কেউ বঞ্চিতও হবে না। সব নাগরিক যেন পূর্ণ সমান মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বসবাস করতে পারে— তা সুনিশ্চিত করা হবে।”

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ ইসকন (ISKCON) মন্দিরে আয়োজিত শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা মহাউৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় সম্প্রীতি: বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর অসাম্প্রদায়িক দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার সর্বস্তরের মানুষের সমঅধিকার ও কল্যাণ সাধনে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের সকল সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও মেলবন্ধন বজায় রাখতে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের দায়িত্বরত ব্যক্তিবর্গ এবং চার্চের ধর্মযাজকদের জন্য সরকারের নেওয়া নানা সামাজিক উদ্যোগ ও সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসাবর্তমান সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক সফলতার কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী মন্তব্য করেন, দায়িত্ব গ্রহণের অতি অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দূরদর্শী সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে দেশের সকল স্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

সত্যরঞ্জন ধরের সভাপতিত্বে স্বামীবাগের এই ভাবগম্ভীর ও উৎসবমুখর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গুরুকুল ভি কে এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর মকবুল হোসেনসহ সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন