নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। একই সঙ্গে জেলেদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করে নিয়ে গেছে তারা।
আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আনিছুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপহৃত জেলেরা হলেন— ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১৫), হেলাল (১৪), লাল মিয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। জব্দ করা ট্রলার দুটির মালিক শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার মো. রাজ্জাক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বরাত দিয়ে ইউএনও জানান, আজ ভোরে শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তারা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের অবরুদ্ধ করে ট্রলারসহ ধরে নিয়ে যায়।
ইউএনও আরও জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানার পরপরই অপহৃত জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে সাতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, “ভুলবশত মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় আরাকান আর্মি তাদের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে। অপহৃত জেলেদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।”
|