ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক: ঢাকাসহ দেশের ১৫টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়— ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ এই ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন