ট্রাম্পের কাছে ভদ্রতা শিখুন: জেলেনস্কিকে পুতিন

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
ট্রাম্পের কাছে ভদ্রতা শিখুন: জেলেনস্কিকে পুতিন
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাঠানো এক খোলা চিঠির কড়া জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই খোলা চিঠিতে অভদ্রতার উপাদান থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে জেলেনস্কিকে ভদ্রতা ও শিষ্টাচার শেখার আহ্বান জানিয়েছেন তিনি। 

গত বৃহস্পতিবার (৪ জুন) জেলেনস্কির পাঠানো ওই খোলা চিঠির আনুষ্ঠানিক জবাব শুক্রবার (৫ জুন) দেন পুতিন। বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম ও অ্যাস্ট্রা-এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিঠিতে পুতিনের বয়স নিয়ে মন্তব্য করা হয়েছিল, যার জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন—তার বর্তমান বয়সেও বিশ্বের অনেক রাজনৈতিক নেতা সফলভাবে দায়িত্ব পালন করছেন এবং কেউ কেউ তার চেয়েও বেশি বয়সী; আসল বিষয় হলো একজনের সক্ষমতা ও কাজ করার ক্ষমতা।

জানা গেছে, চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছাতে এবং সরাসরি সাক্ষাতের আহ্বান জানিয়ে পুতিনকে এই খোলা চিঠি পাঠিয়েছিলেন জেলেনস্কি। তবে এর জবাবে পুতিন স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন তিনি দেখছেন না। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতীয় সাংবাদিক গীতা মোহনের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, "আমি এই মুহূর্তে বৈঠকের কোনো অর্থ দেখি না। প্রথমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বিশেষজ্ঞদের কাজ করতে দিন এবং কিছু সমাধান তৈরি করতে দিন, তারপর আমরা সাক্ষাৎ করতে পারি।" পুতিনের দাবি, ইউক্রেনের প্রধান লক্ষ্য হচ্ছে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামানো, আর রাশিয়া চায় একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে।

বক্তব্যের শুরুতে পুতিন জেলেনস্কির নাম উল্লেখ না করে তাকে ‘চিঠির লেখক’ এবং ‘এই ভদ্রলোক’ বলে সম্বোধন করেন, যদিও পরে তিনি জেলেনস্কির নাম উচ্চারণ করেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শুক্রবার সকালে জেলেনস্কির পাঠানো চিঠিটি তিনি পুতিনকে দেখিয়েছেন। ফোরামের অধিবেশনে পুতিনের এমন বক্তব্যের পর সাংবাদিকরা জানতে চান, জেলেনস্কিকে পাঠানো রুশ আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে কি না; জবাবে পেসকভ বলেন, "কোনোভাবেই নয়, আমন্ত্রণ এখনও বহাল রয়েছে।" পেসকভের এই মন্তব্যকে রাশিয়ার পক্ষ থেকে সংলাপের দরজা খোলা রাখার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ২৯তম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয়, যার এবারের প্রতিপাদ্য ছিল—‘বাস্তবিক সংলাপ: স্থিতিশীল ভবিষ্যতের পথ’। রাশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অর্থনৈতিক এই ফোরামে এবার অতিথি দেশ হিসেবে অংশ নিয়েছে সৌদি আরব। বৈশ্বিক অর্থনীতির চলমান রূপান্তরের প্রেক্ষাপটে নতুন উন্নয়ন মডেল গঠনের বিষয়টিই ছিল এবারের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। রি কংগ্রেস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ফোরামের কর্মসূচিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ফোরাম, আন্তর্জাতিক যুব অর্থনৈতিক ফোরাম এবং ওষুধ নিরাপত্তা বিষয়ক ফোরামসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন অন্তর্ভুক্ত ছিল।

মন্তব্য করুন