কালীগঞ্জে নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে পশুর হাট

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
কালীগঞ্জে নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে পশুর হাট

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সরকারি কঠোর নির্দেশনা এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত সম্পূর্ণ অমান্য করে নরুন উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এমন হাট বসানোর ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে জারি করা নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছিল—শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলার পরিবেশ রক্ষার্থে কোনোভাবেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কিংবা সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন স্থানে কোরবানির পশুর হাট বসানো যাবে না। এছাড়া কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাম্প্রতিক মাসিক সভাতেও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোনো প্রকার হাট না বসানোর বিষয়ে কঠোর আইনি অবস্থান নেওয়া হয়েছিল।

কিন্তু প্রশাসনের এই সব লিখিত সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নরুন উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে জমজমাটভাবে চালানো হচ্ছে পশুর হাট। প্রতিদিন শত শত পশুর আমদানি এবং হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগমে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ গোবর ও আবর্জনায় নোংরা হয়ে পড়ছে। এর ফলে মাঠটি চিরতরে ব্যবহারের অনুপযোগী ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হাটকে কেন্দ্র করে নরুন এলাকার আশপাশের সড়কগুলোতে দিনরাত তীব্র যানজট ও অবর্ণনীয় জনভোগান্তি লেগেই আছে।

এলাকাবাসীর জোর দাবি, সরকারি ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কীভাবে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট পরিচালিত হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। একই সাথে এই অবৈধ হাটের সাথে জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাট ইজারাদারদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন