আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করলো বিএসইসি

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে মিউচ্যুয়াল ফান্ডের অর্থ বিধি-বহির্ভূতভাবে বিনিয়োগ করার দায়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৬ মে ২০২৬) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার তদন্তে দেখা গেছে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে দুটি কোম্পানিতে মোট সাড়ে ৭ কোটি টাকা বিধি-বহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড: দেড় কোটি টাকা।

  • এএফসি হেলথ লিমিটেড: ৬ কোটি টাকা।

উক্ত মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছিল আইসিবি। বিএসইসির মতে, ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি যথাযথ তদারকি করতে ব্যর্থ হয়েছে, যার ফলে সাধারণ ইউনিটধারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। এই ব্যর্থতার দায়েই আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিনিয়োগগুলোর বিপরীতে ৯৯ শতাংশ প্রভিশন রাখা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে উল্লেখ করেনি নিরীক্ষা প্রতিষ্ঠান 'মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং'। এই গাফিলতির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন