২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকে ঘিরে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিশেষ নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছে ইরান। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সাফ জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের দলের সফর নির্বিঘ্ন করতে ফিফাকে কঠোর ভূমিকা নিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহদি তাজ বলেন, "আমাদের সফরের জন্য একটি সুনির্দিষ্ট নিশ্চয়তা দরকার। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র যেন আমাদের কোনো রাষ্ট্রীয় প্রতীক বা সামরিক প্রতিষ্ঠান, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে কোনোভাবে অপমান না করে।" তিনি মনে করিয়ে দেন যে, এই টুর্নামেন্টের আয়োজক ফিফা; কোনো নির্দিষ্ট দেশ বা ব্যক্তি নয়। অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতি সম্মান দেখানো আয়োজক দেশের বাধ্যবাধকতা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, সম্প্রতি ইরানের একটি ফুটবল প্রতিনিধিদল কানাডায় প্রবেশের সময় বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়। আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে খোদ মেহদি তাজের ভিসাও বাতিল করা হয়। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাজ জানান, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছে।
কানাডার ঘটনার পর ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদলকে সুইজারল্যান্ডের জুরিখে আমন্ত্রণ জানানো হয়েছে। মেহদি তাজ মনে করেন, ফিফার পক্ষ থেকে স্পষ্ট নিশ্চয়তা থাকলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ইরান দলের দুটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দলের নিরাপত্তা এখন ইরানের প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জান্নাত/সকালবেলা