দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

দিনাজপুরের চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট স্ত্রীর দুই ছেলের হাতে বাবা ও বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন  মন্ডলপাড়ার শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার বড় ছেলে কাবিল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর তিনি দুই পরিবারকে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন। তবে ছোট স্ত্রীর ছেলে শাকিব (১৮) ও সাদিকুল (৩০) চাষ করা ভুট্টারও সমান ভাগ দাবি করে আসছিলেন। মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে এ নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে বাবা ও ভাই কাবিলকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

আঘাতে ঘটনাস্থলেই বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর থেকেই ঘাতক দুই ভাই পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন