যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ করুণ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড় ১১টার দিকে ওই তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বেশ কিছুক্ষণ পরও তারা বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের ঘাটলা বা সিঁড়ির নিচে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁদের দ্রুত উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড্যা. মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাঁদের মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন