সোনারগাঁওয়ে অবৈধ ছাপাখানায় অভিযান: ২০ লাখ টাকার গাইড বই জব্দ

সোনারগাঁওয়ে অবৈধ ছাপাখানায় অভিযান: ২০ লাখ টাকার গাইড বই জব্দ

মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪ হাজার কপি গাইড বই জব্দ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের একটি দল বেহাকৈর এলাকার একটি ভবনে অভিযান চালায়। সেখানে কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন শ্রেণীর গাইড বই ছাপানোর কার্যক্রম চলছিল। অভিযানকালে পুলিশ সেখান থেকে প্রায় ৪ হাজার কপি গাইড বই এবং বই ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে। জব্দকৃত বইগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামিদামি প্রকাশনীর নাম ব্যবহার করে অবৈধভাবে গাইড বই ছেপে আসছিল। এসব বই পরে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। অভিযানের সময় কারখানায় কর্মরত ১০-১২ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধভাবে পরিচালিত ওই ছাপাখানা থেকে গাইড বই ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এই ঘটনায় কপিরাইট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই অবৈধ ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন