ময়মনসিংহে হামে আক্রান্ত ৫১৫ শিশু

ময়মনসিংহে  হামে আক্রান্ত ৫১৫ শিশু

ময়মনসিংহ মেডিকেলে হামের সংক্রমণ ভয়াবহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৩৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৮৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৫১৫টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১৩টি শিশুর মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪১৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১১টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একই সময়ে গুরুতর অবস্থায় দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে এর ভয়াবহতা দ্রুত বাড়তে থাকে। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি বিশেষ মেডিকেল টিম দিনরাত কাজ করছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩টি শিশু ভর্তি হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে রোগীর চাপ বাড়ায় চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন। তিনি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেন।

মন্তব্য করুন