বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ ও সহায়তা সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’।

শুক্রবার (১৪ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আশিকার উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড-এর আর্থিক সহায়তায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্য, স্বাস্থ্যবিধি রক্ষা সরঞ্জাম ও আশ্রয় সহায়তা উপকরণ।

পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, আবুল কালাম আজাদ এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় অনেক পরিবার বসতভিটা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। দুর্যোগের এই মুহূর্তে ২৫০টি পরিবারের হাতে এসব জীবনরক্ষাকারী সামগ্রী পৌঁছে দেওয়া তাদের ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে। পাহাড়ে সংকটের সময়ে মানবসেবার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন