রায়পুরায় পানিতে ডুবে চার মাদরাসাছাত্রীর মৃত্যু
উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলায় খালের পানিতে একসঙ্গে গোসল করতে নেমে ডুবে গিয়ে চার মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
হাসপাতাল ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে মাদরাসা বিরতি (টিফিন) হলে ছয় ছাত্রী মিলে মাদরাসার পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানা এবং খালের গভীরতা বুঝতে না পারার কারণে মুহূর্তের মধ্যে চারজন পানির নিচে তলিয়ে যেতে থাকে। এ সময় বাকি দুজন কোনোমতে পাড়ে উঠে এসে চিৎকার করে স্থানীয়দের বিষয়টি জানায়।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে চারজনকে অবচেতন অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। পরীক্ষা করে তাদের কারোরই শ্বাস-প্রশ্বাস বা হার্টবিট পাওয়া যায়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একসঙ্গে চার শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|