চিলাহাটিতে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাদক বিক্রির অভিযোগে ৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সামিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। পরে তাঁকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে হস্তান্তর করা হয়।
আটক সামিউল ইসলাম ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালামের ছেলে।
স্থানীয় সূত্র ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মমিনুল ইসলাম দায়িত্ব পালনকালে বাইরে বের হলে চিলাহাটি এলাকায় শুকরু নামে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে শুকরু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর কিছুক্ষণ পর একই স্থানে সামিউল ইসলামকে দেখতে পেয়ে শুকরুর সঙ্গে তাঁর কী বিষয় তা জানতে চান গ্রাম পুলিশ সদস্য। এ সময় সামিউলও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মমিনুল ইসলাম তাঁকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তাঁর পকেটে তল্লাশি চালিয়ে ৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাটি জানতে পেরে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের অন্যান্য গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সামিউলকে নিজেদের হেফাজতে নেন এবং বিষয়টি তাৎক্ষণিক পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারকৃত মাদকসহ হেফাজতে নেয়।
গ্রাম পুলিশ মমিনুল ইসলাম বলেন, “সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে পালিয়ে যায়। পরে সামিউলকে আটক করে তল্লাশি চালালে তার পকেট থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।”
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, গ্রাম পুলিশের সহায়তায় ৬ পিস ট্যাপেন্টাডলসহ আটক সামিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে ডোমার থানায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।