রামুতে শ্রমিক লীগ নেতার কোদালের কোপে ছাত্রদল নেতার মায়ের মৃত্যু

রামুতে শ্রমিক লীগ নেতার কোদালের কোপে ছাত্রদল নেতার মায়ের মৃত্যু

তারেক হায়দার, কক্সবাজার: কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শ্রমিক লীগ নেতার হামলায় রেহেনা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত ছোটনের মা। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেদারঘোনা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু ও তার পরিবারের সাথে ইয়াসিন আরাফাত ছোটনের পরিবারের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে কালু ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ জায়গায় সীমানা বেড়া দেওয়ার চেষ্টা করেন। এসময় রেহেনা আক্তার বাধা দিতে গেলে কালু তার হাতে থাকা কোদাল দিয়ে ওই নারীর মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জহির আলম কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা আক্তারের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন