মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২

মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মনিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় সরাসরি জড়িত শুটারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, গুলি, চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে মনিরামপুর থানাধীন কপালিয়া বাজার এলাকায় ঝুমা বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রানা প্রতাপ বৈরাগীকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিত করতে তারা গুলি করার পর রানা প্রতাপের গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর যশোর জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘাতকদের অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই লাবলুর নেতৃত্বে একটি বিশেষ টিম গত ২০ ফেব্রুয়ারি ভোর রাতে রাজশাহী জেলার তানোর থানাধীন মোহাম্মদপুর গ্রাম থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—যশোরের অভয়নগর উপজেলার বারান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ মাহমুদ হাসান হৃদয় (২৮) এবং মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ শামীম হুসাইন (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রানা প্রতাপকে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি ফোল্ডিং চাকু এবং পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

যশোর জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে গত ২০ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দিনের আলোয় প্রকাশ্য বাজারে এমন হত্যাকাণ্ডের পর এলাকায় যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, মূল আসামিরা গ্রেপ্তার হওয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন