ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৪০) ওই ইউনিয়নের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে ইসমাইলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তল্লাশি চালিয়ে তার পরনে থাকা দুটি প্লাস্টিকের জুতার সোলের ভেতর থেকে বিশেষভাবে লুকানো দুটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ