রাজারহাটে কুইজ ও পুরস্কার বিতরণে শেষ হলো ‘তারুণ্যের বইমেলা’

রাজারহাটে কুইজ ও পুরস্কার বিতরণে শেষ হলো ‘তারুণ্যের বইমেলা’

মামুন চৌধুরী, রাজারহাট, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’ পুরস্কার বিতরণ ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজারহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৬ এপ্রিল শুরু হওয়া এ বইমেলা টানা ১০ দিন ধরে চলে এবং শেষ দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আনিসুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বইমেলা উপলক্ষে সকালে রাজারহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে বইমুখী করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বইমেলার আয়োজন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, মেলাজুড়ে বিভিন্ন স্টলে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর ছিল পুরো আয়োজন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন