নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে তিনি ঢাকা থেকে রওনা করবেন বলে দলের এক বিবৃতিতে জানানো হয়েছে।
সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরবেন।
মানবাধিকার সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন আসিফ মাহমুদ। সেখানে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
সফরের অংশ হিসেবে তিনি ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের’ দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করবেন। দলটির সাংগঠনিক ভিত্তি প্রবাসে আরও শক্তিশালী করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সফর শেষে আগামী ১৯ মে রাতে আসিফ মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।