মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। 

সোমবার (১১ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন নির্দিষ্ট কিছু সময়ের জন্য আত্মীয়স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। তাঁর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।

পরিবারের সদস্যরা চাইছেন পবিত্র ঈদুল আজহার আগেই মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনতে। তবে শায়রুল কবির খান স্পষ্ট করেছেন যে, সশরীরে ভ্রমণ করার মতো শারীরিক সক্ষমতা এবং চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরেই তাঁর দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে বিশেষায়িত পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।

মন্তব্য করুন