হাওয়া ভবনের কিচেন কেবিনেট দিয়ে দেশ চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার হাওয়া ভবনের 'কিচেন কেবিনেট' দিয়ে দেশ চালাচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২০ মে) রাজধানীর তোপখানা রোডে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "যারা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত, তারাই আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের থেকে জনগণ ভালো কিছু আশা করে না। সীমান্তে আমাদের লোক মারা যাচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী এর কোনো প্রতিবাদ না জানিয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।" আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হওয়ায়, প্রধানমন্ত্রীকেই এখন সেই দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার অভিযোগ করেন, চামড়াকে পূর্ণাঙ্গ শিল্প হয়ে উঠতে না দেওয়ার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। খুলনা ও যশোর সীমান্ত দিয়ে চামড়া পাচার হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে ভারতপন্থি ব্যবসায়ীরা জড়িত। পাটের মতোই চামড়া শিল্পকেও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
আলোচনা সভায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি চামড়া শিল্পের সংকট উত্তরণে কয়েকটি সুনির্দিষ্ট রূপরেখা ও ৫ দফা দাবি পেশ করেন।