সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করব: সমাজকল্যাণ মন্ত্রী
জেলা প্রতিনিধি, দিনাজপুর: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা তৈরি করতে বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরাও সেই ধারাবাহিকতা বজায় রেখে মাঠপর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
আজ শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে আয়োজিত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র নিবন্ধন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গর্ভধারণের সঠিক বয়সের ওপর গুরুত্বারোপ করে চিকিৎসক ও মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, “২০ বছর বয়সে সন্তান নিলে মা ও শিশু উভয়েই শারীরিক দিক থেকে সুস্থ ও নিরাপদ থাকে। পক্ষান্তরে, ৩৫ বছর পার হওয়ার পর সন্তান নিলে মা ও নবজাতক উভয়েরই নানা ধরনের জটিল শারীরিক সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়।”
তিনি আরও উল্লেখ করেন, “আগামী দিনে আমরা একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গড়ে তুলতে চাই। এর জন্য কেবল মায়ের শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়; বরং মাতৃস্বাস্থ্যের উন্নতির পাশাপাশি গর্ভাবস্থায় এবং সন্তান প্রসবের পর মা ও শিশুর জন্য পর্যাপ্ত সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
সরকারি সুবিধার স্বচ্ছতার কথা উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই কার্ডের সুবিধা পাওয়ার জন্য আপনাদের কোথাও কোনো দালালের পেছনে ছুটতে হবে না বা বাড়তি দৌড়ঝাঁপ করতে হবে না। প্রকৃত সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী কার্ড সরাসরি আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে।”
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা
|