বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েকটি ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছেন মুসলিম বিশ্বের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। আগামীকাল ১২ জুলাই (রোববার) ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। ১১ দিনের এই দীর্ঘ সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার ও আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

সফরকালে রাজধানী ছাড়াও আল্লামা সাজ্জাদ নোমানী চট্টগ্রাম ও কক্সবাজারের শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচিতে যোগ দেবেন। চট্টগ্রাম সফরকালে দেশের বৃহৎ ও ঐতিহ্যবাহী দুটি কওমি মাদরাসা— আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্ম নেওয়া আল্লামা সাজ্জাদ নোমানীর পিতা আল্লামা মনযুর নোমানী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামি পণ্ডিত, লেখক ও সমাজকর্মী। সাজ্জাদ নোমানী ভারতের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া (রহ.), সাইয়েদ আবুল হাসান আলী নদবী (রহ.) এবং হজরতজী মাওলানা এনামুল হাসান (রহ.)-এর মতো যুগশ্রেষ্ঠ বুজুর্গদের স্নেহধন্য আলেম এবং নকশবন্দি তরিকার একজন সুফীসাধক।

আল্লামা সাজ্জাদ নোমানী বর্তমানে ভারতীয় মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুম্বাইয়ের ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রিসার্চ ইনস্টিটিউট এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানীর পরিচালক হিসেবে ইসলামি শিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী এই গবেষক সমসাময়িক বিভিন্ন বিষয়ে বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। আয়োজকদের প্রত্যাশা, তাঁর এই সফর বাংলাদেশের ইসলামি চিন্তা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন