প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর ঘিরে উছ্বসিত চট্টগ্রাম বিএনপি, ব্যাপক প্রস্তুতি

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর ঘিরে উছ্বসিত চট্টগ্রাম বিএনপি, ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। সফরকে ঘিরে পুরো বৃহত্তর চট্টগ্রামজুড়ে সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম উদ্দীপনা বিরাজ করছে।প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে দলীয়ভাবে যেমন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, তেমনি তাঁর নিরাপত্তায় সফরসূচির এলাকাগুলোকে কঠোর নিরাপত্তাবেষ্টনী ও এসএসএফের প্রোটোকলে আনা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া সফরসূচি অনুযায়ী, আগামী রবিবার (৯ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান ও হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে তিনি সরকারের মেগা প্রকল্প মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করবেন।

মাতারবাড়ীর কর্মসূচি শেষে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রাম জেলার বন্যাবিধ্বস্ত বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন প্যান্ডেলে আয়োজিত মানবিক পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি ১০০টি আশ্রয়হীন পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন তিনি।দুপুর ১টায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় পৌঁছাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় (হাটহাজারী মাদরাসা) গিয়ে কওমি আলেম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।দুপুরের খাবারের বিরতি শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অপর এক মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ব্যক্তি উদ্যোগে সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে গৃহনির্মাণের জন্য ১ লাখ টাকা করে আর্থিক অনুদান এবং ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে উপহারসামগ্রী হস্তান্তরে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

বিকেলের দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি, উত্তর-দক্ষিণ ও মহানগর শাখা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃত্বের সাথে বিশেষ সমন্বয় ও সাংগঠনিক আলোচনায় মুখোমুখি হবেন। সভা শেষে রাত ৯টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর নিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, "দেশ ও দেশের খেদমতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল চিন্তা। চট্টগ্রাম সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি কোনো বিলম্ব না করে তৃণমূল মানুষের কাছে ছুটে আসছেন। তাঁর নেতৃত্বে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথে এই সফর নতুন দিগন্তের উন্মোচন করবে।"

মন্তব্য করুন