ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, পুরো কক্সবাজার জুড়ে হচ্ছে মাঝারি ও ঝুম বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করেই একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন। এ সময় ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিমানবন্দর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং সফরসূচির প্রতিটি স্থান নিরাপত্তা বলয়ে পরিণত করা হয়েছে। তবে কড়া নিরাপত্তার কারণে সাধারণ যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করায় বৃষ্টির মধ্যে বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীসহ সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগে পড়েন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং পথসভায় অংশ নেবেন। এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নবগঠিত পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচি শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন এবং রাতে লং বিচ হোটেলের অডিটোরিয়ামে সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী ব্যস্ত সফর শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
|