নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ২৪-এর গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সংসদের প্রতি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বর্তমান সংসদে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব, স্বাধীন মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "জাতীয় সংসদ সবসময়ই বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রধান প্রতীক। তবে অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন, ক্ষোভ ও সমালোচনা ছিল।" বর্তমান সংসদকে জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল—উভয়ের কার্যকর অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও ফলপ্রসূ করার চেষ্টা চলছে।
ডেপুটি স্পিকার জোর দিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাঁদের মহান আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই বর্তমান সংসদ ও প্রশাসন কাজ করে যাচ্ছে।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন— ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান ওরফে বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
এআইএল/সকালবেলা
|